
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
সাভারের আশুলিয়ার মানিকগঞ্জপাড়া এলাকায় এক নারী পোশাক শ্রমিক ও তার শিশু সন্তানের ওপর অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী জেমি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার মানিকগঞ্জপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, রোববার মানিকগঞ্জপাড়া এলাকায় জাকির হোসেন হঠাৎ জেমি ও তার শিশু সন্তানকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে মা ও শিশু আতঙ্কিত হয়ে পড়লে ওই সুযোগে জেমির গলা থেকে প্রায় ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
অ্যাসিড নিক্ষেপের পর জেমি ও তার সন্তান আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে আশুলিয়া থানার এসআই মো. তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক জাকির দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, তার বিরুদ্ধে মাদকসেবন, মাদক কারবার ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, শিল্পাঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ আশুলিয়ায় নারী ও শিশুর ওপর অ্যাসিড নিক্ষেপ ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জাকির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672