
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। স্থানীয়দের দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে পথ, পুকুরঘাট এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের অন্তত ২০টি পরিবার কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানু মিয়ার বাড়িসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যরা কয়েক দশক ধরে ওই পথ ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি প্রতিবেশী শাহজাহান মিয়া বাড়ির সামনের অংশে টিনের বেড়া নির্মাণ করে পথ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে পুকুরঘাটে যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শুধু চলাচল নয় বাড়ির পানি নিষ্কাশনের পাইপের মুখে সিমেন্ট ও কলাগাছ প্রবেশ করিয়ে পানি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সামনের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী ও প্রবীণরা। বিকল্প কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাসেবা গ্রহণেও তৈরি হয়েছে জটিলতা। দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কানু মিয়া বলেন, প্রায় একশ বছর ধরে হিন্দু-মুসলিম মিলিয়ে প্রায় ২০টি পরিবার এই পথ ব্যবহার করে আসছে। হঠাৎ টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু চলাচল নয়, পুকুরঘাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থাও বাধাগ্রস্ত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর সদস্যরা জানান, সন্তানদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো কঠিন হয়ে পড়েছে। পরিবারের অসুস্থ ও বয়স্ক সদস্যদের চিকিৎসাসেবা গ্রহণেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাদের দাবি, পূর্বপুরুষদের সময় থেকে ব্যবহৃত পথ একতরফাভাবে বন্ধ করে দেওয়া অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমাকে বিদ্যুৎ সংযোগ দিলে আমি পথ খুলে দেব।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহলের মতে, ব্যক্তিগত বিরোধ বা কোনো শর্তের কারণে মানুষের চলাচল, পানি ব্যবহার ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও সমাধানের চেষ্টা করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ পুনরুদ্ধার করে অবরুদ্ধ পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672