
আলতাব হোসেন | স্টাফ রিপোর্টার।
ঢাকার সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ৬০ ফুট গভীর কূপে কাজ করতে নেমে আলম (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, অক্সিজেন সরবরাহ বা গ্যাস পরীক্ষা ছাড়াই তাকে কূপে নামানো হয়। ঘটনার পর থেকেই বাড়ির মালিক, ঠিকাদার ও ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নির্মাণকাজে নিরাপত্তা মানদণ্ড অনুসরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বুধবার (১ জুলাই) দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকার রূপায়ন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রূপায়ন সিটির ভেতরে তৌহিদ উদ্দিনের নির্মাণাধীন ভবনে কাজ চলাকালে বাড়ির ম্যানেজার ও ঠিকাদার মো. ফারুক আলমকে প্রায় ৬০ ফুট গভীর একটি কূপে নামতে নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা বেল্ট, অক্সিজেন সরবরাহ কিংবা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তাকে কূপে নামানো হয়।
কূপে নামার কিছুক্ষণ পর আলমের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাকে ওপরে তুলে আনেন। পরে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও ঠিকাদার ফারুকের নির্দেশে কাজে যোগ দেন আলম। কিছু সময় পর তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে তারা মরদেহ দেখতে পান। আলম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল ওয়াহেদের ছেলে।
স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই বাড়ির মালিক তৌহিদ উদ্দিন, ঠিকাদার মো. ফারুক এবং সংশ্লিষ্ট ম্যানেজার পলাতক রয়েছেন। তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, আশুলিয়ায় নিয়ম না মেনে খোলা কূপ, সেপটিক ট্যাংক ও গভীর ট্যাংকি খননের ঘটনা বেড়েই চলেছে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় একের পর এক দুর্ঘটনা ঘটছে।
এর আগে গত ২৬ জুন আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া সিরু মার্কেট মোল্লা বাড়ি রোডে জাফর শেখের বাড়ির সামনে রাস্তার ওপর খোলা ট্যাংকিতে পড়ে একটি শিশু আহত হয়। শিশুটিকে উদ্ধারের সময় আরেক ব্যক্তিও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া অতীতেও এ ধরনের ট্যাংকিতে বিষাক্ত গ্যাসের কারণে বিস্ফোরণসহ একাধিক বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুমোদনহীন ও নিরাপত্তাবিহীন এসব কূপ ও ট্যাংকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। তাদের দাবি, নির্মাণকাজে নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ কূপ ও ট্যাংকির কাজ নিয়মিত তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672