
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
২ জুলাই: এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে সিএনজি ও অটোরিকশা পার্কিং এবং সড়ক দখলের অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা এবং সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের এলোমেলো পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে বিশেষ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
এ পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ বিভিন্ন পরিবহনের অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোগড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672