
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে গুরুতর জখম করেছে অভিযুক্ত দুই ভাই। ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে হামলাকারী দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া।
পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাই মামলার অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে একটি দল সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাগর ও তার ভাই সজল পূর্বপরিকল্পিতভাবে ধারালো দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স মাসুম মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার পরপরই এলাকাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ওপর সশস্ত্র হামলার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলার পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672