
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন একটি আরসিসি গার্ডার সেতু উদ্বোধনের আগেই ধসে পড়েছে। সেতুর বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১৭৯ টাকা ব্যয়ে পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স। ২০২৪ সালে শুরু হওয়া কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছর পেরিয়ে গেলেও প্রকল্পটি এখনো অসম্পূর্ণ রয়েছে।
দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলমান থাকায় নুরাইনপুর বাজারের সঙ্গে এলাকার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি সেতুর অ্যাপ্রোচ সড়কে মাটি ভরাটের কাজ শুরু হলে সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় এবং পশ্চিম পাশের একটি অংশ ধসে একদিকে হেলে পড়ে। এছাড়া উভয় প্রান্তের রিটেইনিং ওয়ালেও ফাটল সৃষ্টি হয়েছে। সেতুর উপরের অংশে বেরিয়ে থাকা লোহার রডে মরিচা ধরেছে বলেও দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মনির ব্যাপারী অভিযোগ করে বলেন, “সেতুর পুরো ঢালাই পাথর দিয়ে হওয়ার কথা থাকলেও নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। অনেক রাত পর্যন্ত ঢালাইয়ের কাজ চলেছে। নিম্নমানের কাজের কারণেই আজ সেতুতে ফাটল ও ধস দেখা দিয়েছে।”
আরেক বাসিন্দা সানু হাওলাদার বলেন, “তিন-চার বছর ধরে কাজটি এভাবেই পড়ে আছে। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী ও স্থানীয় মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।”
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স-এর মালিক রফিক সিকদার বলেন, “বিষয়টি আমি জানি। বেকু (খননযন্ত্র) দিয়ে রাত-দিন মাটি ফেলার কারণে কিছু সমস্যা হয়েছে। আমি দ্রুত এটি ঠিক করে দেব। সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করানোর কারণে কিছু ত্রুটি হয়েছে। পারিবারিক সমস্যার কারণে কাজ বিলম্বিত হয়েছে। খুব শিগগিরই পুরো কাজ শেষ করা হবে।”
বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। সেতুর রিটেইনিং ওয়ালের একটি অংশ ভেঙে পড়েছে। ঠিকাদারকে দ্রুত তা মেরামত করে আগামী ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672