
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বহুল আলোচিত দুটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে ডাকাত দলের দুই সর্দারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক পরিবারের গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় তারা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি এখনও পলাতক রয়েছেন।
অপরদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালায়। অভিযানে রূপগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672