
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মধ্যপাড়ার এক ছেলে শিশুকে বলাৎকারের পর নৃশংসভাবে হত্যা করার চাঞ্চল্যকর মামলায় আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া, নিবিড় সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয় । আজ বুধবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব আব্দুল হান্নান আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রাম থেকে ওই শিশুটি আকস্মিক নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর, ৩০ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশুটির হাত-পা বাঁধা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই পাশবিক হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ৬ অক্টোবর বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(২) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫)।
পরবর্তীতে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে (মামলা নং ২৭১/২৬) স্থানান্তরিত হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানিতে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং মামলার নিখুঁত ফরেনসিক রিপোর্ট ও চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন গভীরভাবে পর্যালোচনা করেন। আসামির বিরুদ্ধে শিশুকে বলাৎকার ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আইনানুযায়ী সর্বোচ্চ এই শাস্তির আদেশ দেন।
সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামির নাম বিল্লাল হোসেন (৩৭)। সে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের (মসজিদ মাস্টার বাড়ি) বাসিন্দা। তার পিতার নাম হারুনুর রশিদ এবং মায়ের নাম নিলুফা আক্তার।
রায় ঘোষণার সময় আসামি বিল্লাল হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রায় শোনার পর সে কান্নায় ভেঙে পড়ে।
রায় ঘোষণা শেষে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনায় মৃত্যুদণ্ডের পরোয়ানা মূলে তাকে কঠোর নিরাপত্তায় কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বদিউল আলম সুজন গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, "এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি কাঙ্ক্ষিত ন্যায়বিচার পেয়েছে। এটি সমাজে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা দমনে একটি দৃষ্টান্তমূলক কঠোর বার্তা দেবে।"
অন্যদিকে, নিহত শিশুর পরিবারও রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অবিলম্বে খুনি বিল্লালের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672