
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রান্তিক ও দুর্গম চরাঞ্চলের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মাসব্যাপী হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, চরাঞ্চলের নারীদের দক্ষতা উন্নয়নে এমন উদ্যোগ তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি জানান, প্রথম পর্যায়ে নারায়ণপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে নির্বাচিত ২৫ জন নারীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি তৈরিতে কারিগরি দক্ষতা অর্জন করবেন। পরবর্তীতে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হলে টেকসই কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, শিক্ষাবিদ অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, প্রত্যন্ত চরাঞ্চলে এমন প্রশিক্ষণের সুযোগ তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672