
মোঃ রাশিদুল ইসলাম, বউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হওয়ার পর স্থান পরিবর্তন করে গোপনে ওই কিশোরীর ‘কলমা পড়ানো’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন কিশোরীর বাবা ও মহসেন উদ্দীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বগা ইউনিয়নের বগা বাজারের বড় মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগা ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে মেহেদী হাসানের সঙ্গে আদাবাড়িয়া ইউনিয়নের মহসেন উদ্দীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিমের ১৫ বছর বয়সী মেয়ে মোছা. রিফা বেগমের বিয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে কনের বাড়িতে অতিথিদের আপ্যায়নের জন্য খাবারের ব্যবস্থাসহ প্যান্ডেল তৈরি করা হয়।
বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের নির্দেশে বিয়ের জন্য তৈরি করা প্যান্ডেলও সরিয়ে দেওয়া হয়।
তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে বাড়ির মূল আয়োজন বন্ধ হওয়ার পর স্থান পরিবর্তন করে একটি হোটেলে অতিথিদের খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে কিশোরীর ‘কলমা পড়ানো’ হয়েছে বলেও তারা দাবি করেন। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর কাবিনের শর্ত পূরণ করে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কিশোরীর বাবা মাওলানা আবদুর রহিম বলেন, ইউএনও বিয়ে বন্ধ করে দেওয়ার পর আর কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি।
বাউফল থানার বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুপুরের খাবারের আয়োজন চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়ের জন্য তৈরি করা প্যান্ডেল সরিয়ে দেওয়া হয় এবং বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও তারা যদি কোনো ধরনের আইন অমান্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672