
নিজস্ব প্রতিবেদক, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৫ বছরের এক কিশোরীকে বসতঘরের জানালা ভেঙে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নে ভুক্তভোগী কিশোরীর বাড়ির পাশের একটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মামলার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। একদল সশস্ত্র দুর্বৃত্ত গভীর রাতে জোরপূর্বক বসতবাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ওই কিশোরীকে অপহরণ করে পাশের একটি গ্রামের পুকুরপাড়ে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে রেখে যায় তারা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসেন বলেন, "কিশোরীর ওপর যে বর্বরোচিত অত্যাচার চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
স্থানীয় বাসিন্দা জুলহাস সরদার পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানান, এই এলাকায় মাদকের ভয়াবহ প্রভাব রয়েছে এবং এই ঘটনার পেছনেও মাদকের যোগসূত্র রয়েছে। জড়িত সবাই ইয়াবা-গাজার নেশায় আসক্ত।
বিদ্যালয়ের সভাপতি বাচ্চু মিয়া অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, "আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আজ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই সমাজকে অপরাধমুক্ত করতে এবং ভুক্তভোগী পরিবারটিকে ন্যায়বিচার দিতে দ্রুত আসামিদের আইনের আওতায় আনতে হবে।"
ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন বলেন, "মাদকের ভয়াল থাবা ও নৈতিক অবক্ষয়ের কারণেই আজ এমন বর্বরোচিত অপরাধ করার সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। ধর্ষকদের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না, তারা সমাজের শত্রু। অবিলম্বে প্রধান আসামিসহ সকলকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কাউসার সংহতি জানিয়ে বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে এবং মানুষের ক্ষোভ প্রশমনে অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করা জরুরি। প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি আমরা।
মামলা সূত্রে জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত তিন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। তারা হলেন—৩ নম্বর আসামি হেলাল মৃধা (২১), ৪ নম্বর আসামি সনি বেপারী (১৮) এবং ৬ নম্বর আসামি রহিত শিকদার (১৫)। তবে বিস্ময়কর ব্যাপার হলো, পুলিশের অভিযানে তাদের ধরা সম্ভব হয়নি; স্থানীয় জনতাই তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
অন্যদিকে, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মনির খাঁ (২৫), ২ নম্বর আসামি মিঠুন সরদার (২০), ইমন (২০) এবং সোহাগ (২২) ঘটনার ১০ দিন পার হলেও এখনো অধরা রয়েছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, "আমরা অপরাধীদের ধরতে কাজ করছি। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করতে পারব।"
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672