
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার সাফল্যের শীর্ষে রয়েছে বগুড়া। বোর্ডের অধীন আট জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সবচেয়ে বেশি। তবে জেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করে নি। ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার মান নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। তবে ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অধিকাংশই মাদ্রাসা বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। বগুড়ার পরেই রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন। নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।
পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম—৫৮ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও বগুড়া অন্য সাত জেলার চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে। বগুড়ায় ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে এ সংখ্যা ২ হাজার ৯৪৯। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার তুলনায় বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি। রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে এবার শুধু বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের বেশি। এদিকে সিরাজগঞ্জে পাসের হার নেমে গেছে ৬০ শতাংশের নিচে। সূত্র মতে পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই রাজশাহী শিক্ষা বোর্ডে এবার বগুড়ার শিক্ষার্থীদের সাফল্য সবচেয়ে বেশি।
অপরদিকে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার দিক বিশ্লেষণ করে দেখা গেছে,এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বগুড়ার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। সোমবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষার ফলাফল প্রকাশের পর বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো গাবতলী উপজেলার কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসা, শিবগঞ্জ উপজেলার বালা বত্রিশ দাখিল মাদ্রাসা, ধাড়িয়া গাংগইট দাখিল মাদ্রাসা ও দুদাহার রহমানিয়া দাখিল মাদ্রাসা; শেরপুর উপজেলার কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসা ও মধ্যভাগ বালিকা দাখিল মাদ্রাসা; ধুনট উপজেলার হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা এবং সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা। এ বিষয়ে গাবতলীর কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসার সুপার আব্দুল জলিল বলেন, ‘আমার ৫০ বছরের কর্মজীবনে এটি সবচেয়ে দুর্বল ব্যাচ। ২১ জন শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফল অত্যন্ত হতাশাজনক।
শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদ্রাসার সুপার মো. জুয়েলুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত এবং এবার মাত্র পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিই এই খারাপ ফলাফলের অন্যতম কারণ।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক ঘাটতি বা অন্য কোনো সমস্যা রয়েছে কি না, তা চিহ্নিত করে জেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672