
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ‘ফিটিংবাজ’ ও অপহরণকারী চক্রের দুই নারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে অপহরণ, মারধর এবং বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ি, ইউনিক, বাইপাইল বসুন্ধরা ও এরফান মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা কথিত ‘হানি ট্র্যাপ’ কৌশল ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মো. রাহাত শিকদারের অভিযোগ, তাকে মিথ্যা কথা বলে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে মারধর করে তার ব্যাংক হিসাব থেকে ৫৯ হাজার টাকা, বিকাশ থেকে ৪০ হাজার টাকা এবং নগদ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ১ লাখ ৭ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাহাত শিকদার বলেন, “মোছা. রিয়া আক্তার ও তার সহযোগীরা আমাকে অপহরণ করে মারধর করে বিভিন্ন মাধ্যমে টাকা আদায় করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে রিয়াসহ পাঁচজনকে আটক করেছে।”
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কথিত ‘হানি ট্র্যাপ’ ও অপহরণকারী চক্রের দুই নারী ও তিন পুরুষ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কৌশলে নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়ার পর ফাঁদে ফেলত বলে অভিযোগ রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে ও মারধরের মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো বলেও অভিযোগ পাওয়া গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672