
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজ মো. হানিফ শেখ (৫১)-কে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. হানিফ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা।
তিনি এলাকায় নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দিতেন এবং নিজ বাড়িতে কবিরাজি চিকিৎসার নামে ঝাড়ফুঁক করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে ২০২৫ সালের ২১ মার্চ ঝাড়ফুঁক করানোর জন্য হানিফ শেখের কাছে নেওয়া হয়। ওই দিন ঝাড়ফুঁক করার পরদিন আবারও একই কথা বলে কিশোরীকে তার ঘরে নিয়ে যান হানিফ। সেখানে তিনি তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌ* ন* নিপীড়ন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
পরে কিশোরী বিষয়টি তার অভিভাবকদের জানালে ২০২৫ সালের ২৪ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে হানিফ শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মধুসূধন পান্ডে। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ মে হানিফ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া বলেন, কবিরাজি চিকিৎসার নামে যৌ* ন* নিপীড়ন একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ দমনে আদালতের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672