
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় বাড়িতে হামলার ঘটনার পর থানায় যাওয়ার পথে বিএনপির এক কর্মীকে মারধর এবং তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক জাহিদ মাতুব্বরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মো. পলাশ শিকদার।
পলাশ শিকদারের অভিযোগ, ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে নগরকান্দা একাডেমি মাঠের পেছনে এ হামলার ঘটনা ঘটে।
তার ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাতে তারা নগরকান্দা থানায় যান। তাদের সঙ্গে থাকা দুই-তিনজন অসুস্থ থাকায় হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে পলাশ শিকদার থানার কাছ থেকে রওনা দেন।
তিনি অভিযোগ করেন, নগরকান্দা একাডেমি মাঠের পেছন দিয়ে হাসপাতালে যাওয়ার সময় জাহিদ মাতুব্বরসহ প্রায় ১৫ থেকে ২০ জন তাদের ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।
পলাশ শিকদার আরও জানান, হামলার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে ও তার সঙ্গে থাকা অন্যদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন।
তিনি দাবি করেন, হামলার সময় ঘটনাস্থলে একজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি নগরকান্দা থানায় জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে অসুস্থ অবস্থায় ওই সাংবাদিকের নাম জানতে পারেননি বলে দাবি করেন পলাশ।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ মাতুব্বরের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে নগরকান্দা থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672