
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ঢলুবাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন (৪) এবং একই গ্রামের মো. আয়নাল হোসেনের ছেলে মো. সিয়াম (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে গিয়ে মাছ ধরছিল মুবাশিয়া ও সিয়াম। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে পড়ে যায় বলে স্থানীয়রা জানান।
দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্দেহ হলে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে তল্লাশি চালান। প্রায় দুপুর ১টার দিকে পুকুর থেকে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির মরদেহ দেখে মা-বাবাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
কেদার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির অদূরের পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর মৌখিকভাবে পেয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672