
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। গত আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় মাদক কারবারি ও সেবনকারীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১ হাজার ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা।
থানা সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আগস্ট মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে আটক কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে মাদকের বিস্তার পুরোপুরি বন্ধ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করছেন সচেতন মহল।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগর থানা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। গত আগস্ট মাসে আমাদের পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় ১৩টি মামলা হয়েছে এবং ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান এখানেই শেষ নয়। মাদক ব্যবসায়ী কিংবা তাদের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি যে কোনো পরিচয় বা দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
ওসি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা সেবনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পুলিশের এই ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি মাদককেন্দ্রিক অপরাধও কমে আসবে এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672