
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ-২০২৬ শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় সদরপুরের বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
আয়োজক সূত্রে জানা গেছে, কাব ক্যাম্পুরীতে উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। ২৬টি তাঁবুতে দুটি করে ইউনিটের সদস্যরা অবস্থান করবে। প্রতিটি ইউনিটে ১২ জন কাব সদস্য ও দুজন ইউনিট লিডার থাকবেন। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কাব ক্যাম্পুরী এবং ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম খান বাবুল বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, সত্যবাদিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। হিংসা, বিদ্বেষ ও সংঘাতের পরিবর্তে বন্ধুত্ব ও ভালোবাসার শিক্ষা দেয় স্কাউটিং। এ শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরেরা আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, স্কাউটিংয়ের শিক্ষা সমাজে সহিংসতা ও বিদ্বেষ কমিয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা। এ সময় স্কাউট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672