
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমন ধানের ক্ষেতে ছড়িয়ে পড়েছে ছত্রাকজনিত খোল পচা বা খোল পোড়া রোগ। ধানের শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে এ রোগের আক্রমণে বিপাকে পড়েছেন কৃষকেরা। আক্রান্ত ক্ষেতে ধানের শীষ ঠিকমতো বের না হওয়া এবং বের হলেও চিটা হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাগেশ্বরীতে ২৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ২৪ হাজার ৬৬৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হেক্টর বেশি। হেক্টরপ্রতি গড়ে ৩ দশমিক ২০ মেট্রিক টন চাল উৎপাদনের হিসাবে মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮ হাজার ২৩৯ মেট্রিক টন।
এদিকে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে উপজেলার ৩ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করেছেন কৃষকেরা। এসব জমিতে ইতোমধ্যে ধানের শীষ বাতাসে দুলছে। কয়েক দিনের মধ্যে আগাম জাতের ধান ঘরে তোলার আশা করছেন কৃষকেরা। এর মধ্য দিয়ে অগ্রহায়ণে নবান্নের ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি কৃষিতে সাফল্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মূল আমন আবাদে রোগের প্রাদুর্ভাব সেই আশায় উদ্বেগ বাড়িয়েছে।
কৃষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমন ধানের থোড় আসার সময় থেকেই কোনো কোনো জমিতে খোল পচা বা খোল পোড়া রোগের লক্ষণ দেখা দিচ্ছে। এ রোগে প্রথমে ধানগাছের পাতার খোলে অনিয়মিত আকৃতির ধূসর বা কালচে দাগ পড়ে। পরে দাগ বড় হয়ে আক্রান্ত খোল পচে যায়। রোগের প্রকোপ বাড়লে ধানের শীষ স্বাভাবিকভাবে বের হতে বাধাগ্রস্ত হয়। শীষ বের হলেও দানা অপুষ্ট থেকে চিটা হওয়ার আশঙ্কা থাকে। ফলে আক্রান্ত জমিতে ফলন কমে যাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।
আক্রান্ত ধানক্ষেত দূর থেকে দেখলে অনেকটা আগুনে পোড়া জমির মতো মনে হয়। কৃষিসংশ্লিষ্টদের ধারণা, চলতি মৌসুমে অতিরিক্ত আর্দ্রতা, ঘন ঘন বৃষ্টিপাত, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকা এবং মেঘলা আবহাওয়ার কারণে ছত্রাকজনিত এ রোগের বিস্তার অনুকূল পরিবেশ পেয়েছে।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সেনপাড়ার কৃষক বিনোদ জানান, নিজের ও বর্গা মিলিয়ে প্রায় চার বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছেন তিনি। নিয়মিত পরিচর্যায় ধানগাছগুলো বেশ সতেজ ও পুষ্ট হয়ে উঠেছিল। কিন্তু থোড় আসার সময় হঠাৎ রোগের আক্রমণ দেখা দেওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
নাগেশ্বরী পৌরসভার পূর্ব সাঞ্জুয়ারভিটার কৃষক আনিছুর রহমান স্বপন বলেন, তাঁর পুরো ধানক্ষেত খোল পচা রোগে আক্রান্ত হয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তিনি। এ পরিস্থিতিতে কীভাবে ফসল রক্ষা করবেন, তা বুঝে উঠতে পারছেন না।
একই এলাকার প্রান্তিক কৃষক হামিদুল হক, শহিদুল ইসলাম ও লিটন আহমেদসহ বিভিন্ন এলাকার কৃষকেরাও একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, ফসল ঘরে তোলার শেষ পর্যায়ে এসে রোগের আক্রমণে তাঁদের সারা মৌসুমের পরিশ্রম ও প্রত্যাশিত আয় অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খোল পচা রোগের আক্রমণ তীব্র হলে মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত জমিতে অনুমোদিত মাত্রায় অ্যাজোক্সিস্ট্রোবিন ও ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক বিকেলে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672