
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া গ্রামে নিজ মালিকানাধীন জমি ও বসতঘরে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন আবদুল কাদের হাওলাদার। প্রায় ৩০ বছর ধরে জমি দখলের চেষ্টা, হয়রানি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে কাদের হাওলাদার জানান, গাবুয়া গ্রামে তার ওয়ারিশসূত্রে পাওয়া ৪ একর ৯২ শতাংশ রেকর্ডীয় এবং দলিলমূলে ৬ একর ৪০ শতাংশ জমি রয়েছে। এসব জমির সিএস খতিয়ান নম্বর ৬২, এসএ ৪৯২ ও ৪৯৩ এবং একাধিক দাগ রয়েছে। জমির মালিকানাসংক্রান্ত সব কাগজপত্র ও মূল দলিল তার কাছে সংরক্ষিত রয়েছে।
তার অভিযোগ, প্রায় ৩০ বছর আগে স্থানীয় এসকান রাড়ী, নজরুল রাড়ী, সেলিম রাড়ী, আলতাফ রাড়ী ও তার দুই ছেলে জাল দলিল তৈরি করে তার জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি পটুয়াখালী জজ আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০ সালে আদালতের রায় তার পক্ষে আসে। কিন্তু রায় পাওয়ার পরও অভিযুক্তদের বাধার কারণে জমির দখল বুঝে নিতে পারেননি বলে দাবি করেন তিনি।
কাদের হাওলাদারের আরও অভিযোগ, অভিযুক্তরা তাকে জমিতে যেতে বাধা দেওয়ার পাশাপাশি ফসল ও গাছপালা কেটে নিয়েছেন এবং বিভিন্ন সময়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে আদালতের রায় বাস্তবায়ন, নিজের জমি ও বসতঘরের দখল ফিরে পাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নিজের জমিতে নিরাপদে যাতায়াত ও বসবাসের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672