
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের কলাতলী পর্যটন জোনের কক্স এম্বাসেডর নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় হোটেলে অন্তত শতাধিক পর্যটক অবস্থান করছিলেন।
আগুনের খবর ছড়িয়ে পড়লে হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলের অতিথি ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেকেই হোটেল ছেড়ে সড়কে অবস্থান নেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন জোন ও আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টের সৈকতসংলগ্ন আবাসিক হোটেল সি প্রিন্সেসের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষ ও পরে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
তবে এরও আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কক্সবাজারের পর্যটন খাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। বিশেষ করে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ, অগ্নিসংকেত ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা জরুরি।
কক্সবাজার চেম্বার অব কমার্সের উপদেষ্টা আবেদ আহসান সাগর বলেন, এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকলে পর্যটন জোনকেন্দ্রিক আতঙ্ক তৈরি হবে। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটনশিল্পের স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবাসিক হোটেলসহ সব পর্যটন স্থাপনায় কার্যকর ও সুরক্ষিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672