
রাজশাহী ; প্রতিনিধি
রাজশাহী আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আইনজীবীরা।
আহত আইনজীবী ইয়ামিন আলীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
জানা গেছে, আহত অ্যাডভোকেট ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি নিজেই বাদী। রোববার ওই মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। হামলাকারীরা ওই মামলার আসামিপক্ষের লোকজন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ কার্যালয়ের সামনে একটি ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। পরে উপস্থিত আইনজীবীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা করার জেরে এর আগেও একবার আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্তরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ যথাযথ তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ফলে আগের ঘটনার বিচার হয়নি।
তিনি আরও বলেন, আগের ঘটনার সুষ্ঠু বিচার হলে আজ নতুন করে এ ধরনের হামলার ঘটনা ঘটত না।
রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা দায়ের হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে, আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলার ঘটনায় আইনজীবী মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আদালত প্রাঙ্গণেই তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
সংশ্লিষ্ট মহল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আদালত চত্বরে আইনজীবীসহ বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672