
রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:
আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড সিজন-৫ এর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জন করে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে শেরপুরের নকলা উপজেলার ইশিবপুরের শিক্ষার্থী তাহমিদ হোসাইন আরাফ। দেশের গণ্ডি পেরিয়ে এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে যাচ্ছে সে।
আরাফ ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। ইংলিশ অলিম্পিয়াডের পঞ্চম আসরে গ্রেড থ্রি থেকে অংশ নিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ধাপ সফলভাবে অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে সে। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
আরাফের বাবা সাব্বির হোসাইন রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের এই সাফল্যের খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, তার ছোট্ট আরাফ ইংলিশ অলিম্পিয়াডে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে অবশেষে আন্তর্জাতিক পর্যায়ে (গ্লোবাল গ্র্যান্ড ফাইনাল) অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
ছেলের এমন অর্জনে আনন্দ প্রকাশের পাশাপাশি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাব্বির হোসাইন রাসেল। আরাফ যেন বড় হয়ে একজন প্রকৃত ঈমানদার মানুষ হিসেবে গড়ে ওঠে এবং পবিত্র কুরআনের আলোয় আলোকিত হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নকলার ইশিবপুরের এই খুদে শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ শুধু তার পরিবার নয়, বরং পুরো এলাকার জন্য গর্ব ও আনন্দের। প্রাথমিক শ্রেণি থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে জায়গা করে নেওয়া আরাফের এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও মেধা বিকাশে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৭-২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে আরাফের অংশগ্রহণ এবং সাফল্যের প্রত্যাশায় শুভকামনা জানিয়েছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। নকলার এই সন্তান আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে, এমন প্রত্যাশা সবার।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672