
মোঃ আমির হোসেন মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার মাটির নিচ থেকে উদ্ধার করা ৮২ মিলিমিটার মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার মাটি খননের সময় গোলাটি উদ্ধারের পর শনিবার (২১ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে এটি নিষ্ক্রিয় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার শালবাগান এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খনন করছিলেন স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেন। এ সময় মাটির নিচে মর্টার শেল সদৃশ একটি গোলা দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোলাটি উদ্ধার করে।
শনিবার সকাল ৯টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যসহ সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশেষজ্ঞ দল মর্টার শেল উদ্ধারের স্থান ও আশপাশের এলাকায় সতর্কতার সঙ্গে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালায়। এ সময় অন্য কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বা বিস্ফোরকজাতীয় বস্তু পাওয়া যায়নি।
পরবর্তীতে উদ্ধার করা মর্টার শেলটি পিকআপযোগে উত্তর গঞ্জপাড়া থেকে দক্ষিণ খবংপুরিয়া শ্মশানঘাট সংলগ্ন চেঙ্গী নদীর তীরবর্তী নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে সকাল ৯টা ৫০ মিনিটে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রমে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672