
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুরে আদালতের নির্দেশে অবৈধ দখলে থাকা জমি ফিরে পেয়েছেন দুলাল (২৮) নামে জমির প্রকৃত মালিক।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সইপাড়া গ্রামে পুলিশ আদালতের আদেশ বাস্তবায়ন করে জমির দখল বুঝিয়ে দেয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতারের আদালত গত ২ নভেম্বর এ-সংক্রান্ত আদেশ দেন।
আদেশে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আবেদনকারীর অনুকূলে জমির দখল বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সোমবার মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জমিতে লাল নিশানা টাঙিয়ে দখল বুঝিয়ে দেয়। এসময় এসআই রাকিন আহম্মেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বাক্কার সিদ্দিকসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সার্ভেয়ার, আইনজীবী ও সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
আদালতের নথি অনুযায়ী, সইপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে দুলাল হোসেন একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে গোলাম রসুল (৩৫) এর বিরুদ্ধে সাড়ে ৫ শতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগ এনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আবেদনে দুলাল অভিযোগ করেন, তাঁকে তাঁর ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে জমিটি দখল করা হয়েছে। এ ঘটনায় জমির দখল ফিরে পেতে আদালতের হস্তক্ষেপ চান তিনি।
শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পর্যবেক্ষণে বলেন, আবেদনকারীকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁর ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রতিপক্ষকে অবৈধ দখল ছেড়ে আবেদনকারীর অনুকূলে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি।
পরে আদালত অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আবেদনকারীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রয়োজনে জমির ওপর থাকা অবৈধ স্থাপনা অপসারণ এবং আদেশ বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও আদেশে উল্লেখ করা হয়।
আদেশের অনুলিপি রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, মোহনপুরের সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় অল্প সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর দখলচ্যুত জমি পুনরুদ্ধার করে দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জমির মালিক দুলাল। তিনি বলেন, দ্রুত ন্যায়বিচার পাওয়ায় তিনি সন্তুষ্ট। এ ধরনের কার্যকর উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ভূমির অধিকার সুরক্ষিত হবে এবং অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672