
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চারজন হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান (২৮), বদির দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। তাঁদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা সিলেটে বেড়াতে এসে হোটেল গ্র্যান্ড প্যালেসে অবস্থান করছিলেন। সাবেক সাংসদ বদির স্বজনেরা ওই হোটেলে উঠেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার মধ্যরাত থেকেই হোটেলটির সামনে অবস্থান নেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। এতে হোটেল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিলেট জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বুধবার ভোর পাঁচটার দিকে হোটেলটিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রহমান বদির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পুরোনো অভিযোগ রয়েছে। বিশেষ করে গ্রেপ্তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিনের নাম বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় এসেছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চারজনকে বর্তমানে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে টেকনাফ বা ঢাকার কোনো থানায় মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672