
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি:
ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালে শুরু হয়েছে হেল্প ডেস্ক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় ২০ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে ১০ জন স্বেচ্ছাসেবক হেল্প ডেস্কে দায়িত্ব পালন করবেন। তারা হাসপাতালের নিচতলায় স্থাপিত হেল্প ডেস্কে দুজন স্বেচ্ছাসেবক রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। ডেঙ্গু ওয়ার্ডে ৩ জন স্বেচ্ছাসেবক থাকবেন, যারা রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সহায়তা করবেন, অযথা ভিড় নিয়ন্ত্রণে রাখবেন এবং মশারীর ব্যবহার নিশ্চিত করবেন।
স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে হাসপাতালে কালার কোড যুক্ত ঝুড়ি সরবরাহ করা হয়েছে। যাতে বর্জ্য সঠিকভাবে ফেলা যায়। পাশাপাশি লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক পথসভা আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপও নেওয়া হয়েছে। এছাড়াও আজ হেল্প ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে স্টার্ট ফান্ডের সহযোগিতায় জেনারেল হাসপাতালে ২৫০ টি মশারী প্রদান করা হয়।