
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বিকাশ প্রতারণা, মাদক ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২৫ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী।
রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই যৌথ অভিযান পরিচালনা করে এসকল আসামীদের গ্রেফতার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। অন্যদিকে একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকেও আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
মধুখালী থানা পুলিশের এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থার সঞ্চার হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।