
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুলাই) বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪০০ পরিবারের মাঝে চাল ও সুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আরও সহায়তা অব্যাহত রাখবো।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, ইউপি সদস্য মোহাম্মদ আলী, কামাল মৃধা, করির গাজি, তুহিন, জালাল মোল্লা, ফজিনুর, ও মাহামুদা বেগম। এ ছাড়া স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “অনেক কষ্টে ছিলাম, চাল আর শুকনো খাবার পেয়ে এখন একটু হাঁফ ছেড়ে বাঁচলাম।”
এই মানবিক সহায়তা বাউফলের দুর্যোগকবলিত এলাকায় স্বস্তি এনে দিয়েছে। প্রশাসনের পাশাপাশি সমাজের অন্যান্য সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকেও এ সময় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।