
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জাল নোটসহ পলাশ হাওলাদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মহিলা কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পলাশ হাওলাদার বাউফল পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা এবং নূরুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার ৩৯টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ বিষয়ে বাউফল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং জাল নোটসহ পলাশ হাওলাদারকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।