
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়েছে অভিযুক্ত আসামিরা। মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মে মাসে দীর্ঘদিন প্রবাসে থাকার পর আবুল হোসেন নামের এক ব্যক্তি দেশে ফেরেন। ফেরার পর স্থানীয় সন্ত্রাসী চক্র ডালিম গং তার কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রামনগর গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে ডালিম হাওলাদারসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলায় আবুল হোসেন ও তার স্ত্রী পারুল বেগম গুরুতর আহত হন এবং বসতঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ দুই লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা।
এই ঘটনায় আহত পারুল বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী ডালিম হাওলাদারকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও পলাতক।
দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ফের উত্তেজনা ছড়ায় ডালিম গং। জামিনে মুক্তির পর গতকাল মঙ্গলবার রাতে কনকদিয়া বাজারে প্রবাসীর ছোট ভাই, কাঁচামাল ব্যবসায়ী মো. কামাল হোসেন বাড়ি ফেরার পথে হালিম টেইলার্সের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডালিম হাওলাদার ও তার সহযোগীরা কামাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। প্রাণ রক্ষায় কামাল একটি ফার্মেসিতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে গিয়েও পুনরায় হামলা চালায়। এমনকি নিউ লাইফ ফার্মেসি নামক ওই প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা।
স্থানীয়রা কামাল হোসেনকে উদ্ধার করে নিউ লাইফ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ফের হামলা চালানো হয়। পরে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিউ লাইফ ফার্মেসির মালিক মনির হোসেন বলেন, “ডালিম গংদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই হামলার শিকার হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগেও আমার ফার্মেসিতে ডাকাতি হয়েছিল।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। আহতদের থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।