
আবুল বাসার মিয়া, বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামসুর এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। একই সঙ্গে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী আলমগীর খন্দকার সদরপুর থানায় লিখিত অভিযোগে জানান, তাদের বসতবাড়ির সীমানা নিয়ে বিবাদমান প্রতিপক্ষ হালিমা বেগম, শাহিন শেখসহ আরও ১২-১৫ জন ব্যক্তির উসকানিতে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, তারা লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে এসে ঘরের মালামাল ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনায় আহত আলমগীর খন্দকারের স্ত্রী ও মা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সদরপুর থানা একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।