
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা রাতে উপজেলার সাগরদীঘি বাজারের হযরত সিকদারের ছেলে প্রবাসী সোহেল সিকদারের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৩০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে রাত ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টিম।
প্রবাসী সোহেল সিকদারের স্ত্রী আকলিমা আক্তার বলেন, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আমার শাশুড়িসহ পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়ি থেকে রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে আসি। এসময় ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। আলমিরায় রাখ ৩০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার নেই। বাড়ির দেয়াল টপকে চোর ঘরে ঢুকেছে বলে জানান আকলিমা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আতোয়ার জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।