
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম মঙ্গলবার
(৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।
ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলীর উরশিতলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহন মটরসাইকেল আরোহী রেজাউলকে চাপা দিলে ঘটনাস্থালেই তিনি মারা যান।
ঘটনার পর আমতলী ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি চালক ও হেলপাড়কে আটক করার দাবীতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের উরশিতলা নামক স্থানে মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে।
অবরোধের কারণে আমতলীর ঘটখালী থেকে ফায়ারসার্ভিস পর্যন্ত শতাধিক বিভিন্ন যানবাহনে শত শত যাত্রী আটকা পড়েন। এই অবস্থায় আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মহিপুর থানায় যোগাযোগের মাধ্যমে ঘাতক গাড়ি আটক করেন।
ইসলামি আন্দোলনের আমতলী শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জিহাদির সাথে ঘাতক ইউনিক গাড়ি ও চালককে আটক করার খবর নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেয়।
দেওয়ান জগলুল হাসান বলেন ঘাতক বাস চালক ও হেলপারকে মহিপুর পুলিশের সহায়তায় আটক করা হয়েছে,রাস্তায় অবরোধ তুলে নেয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে,ঘাতক গাড়ী ও চালকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।