
মো. রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ২০২৫ সালের আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।
সভায় জানানো হয়, টাইফয়েড একটি পানিবাহিত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। বিশেষ করে শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনে বাউফল উপজেলার প্রায় ১ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।
এ লক্ষ্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মোট ৭৬৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। ক্যাম্পেইন পরিচালনায় ১,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সভায় জানানো হয়।
সভায় আরও জানানো হয়, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম আগেভাগেই সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, বাউফল নার্সিং ওয়ার্ড ইনচার্জ মিনারা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, এই ক্যাম্পেইনকে সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সময়মতো টিকা প্রদানের বিষয়েও জোর দেওয়া হয়।