
মো. রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্র্যাক ওয়াশ (WASH) কর্মসূচির আওতায় নির্মিত ‘পাইপড ওয়াটার সিস্টেম’ এবং ‘হাইজিন কর্নার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৬ আগস্ট ২০২৫, সকাল ১২টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাগুলোর উদ্বোধন করেন বাউফল উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব মো. নুরনবী।
স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানির বিষয়ে সচেতনতা উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিয়মিত হাত ধোয়া, নিরাপদ পানি পান এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস একজন সুস্থ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সাহায্য করে।” তিনি শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে নবনির্মিত অবকাঠামোর যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি নিজ হাতে ‘হাইজিন কর্নার’ পরিদর্শন করেন এবং ছাত্রীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেন। পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা তৈরি করতে প্রতিটি শ্রেণিকক্ষে ময়লা ফেলার ঝুড়ি, ব্যক্তিগত পানির বোতল ও ক্লাসরুম পরিচ্ছন্ন রাখার সরঞ্জাম বিতরণ করা হয়।
ব্র্যাক ওয়াশ-এর প্রশংসা ও উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: রাবেয়া আক্তার – টেকনিক্যাল অফিসার, বিপ্লব কুমার মন্ডল – কর্মসূচি সংগঠক, মেহেদী হাসান – কর্মসূচি সংগঠক, প্রধান অতিথি ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব হিসেবে উল্লেখ করেন এবং এর সফলতা কামনা করেন।
সংশ্লিষ্টদের অভিমতঃ সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।