
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলের এলেঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে এলেঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে হত্যা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর নির্মম আঘাত। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে বলেন, “সাংবাদিক নির্যাতন বন্ধ করো, তুহিন হত্যার বিচার চাই” এবং তারা দ্রুত সময়ের মধ্যে বিচারের রায় কার্যকরের দাবি জানান।