
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নববিবাহিত যুবক নাজিম মোস্তফা নোবেল মুন (২৬)। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামের হাফসা আক্তারের সঙ্গে বিয়ে হয় মুনের। হাতে এখনো মেহেদির রং শুকায়নি, এরই মধ্যে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা এড়াতে মুন মোটরসাইকেলের ব্রেক কষলে সজোরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মুনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই বোন তাদের একমাত্র ভাই হারিয়ে নির্বাক। নববিবাহিতা স্ত্রী শোকের পাথরে স্তব্ধ। জানাজায় উপস্থিত হয়েও কথা বলতে পারেননি মুনের বাবা। দুই চাচা ভাতিজার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বাদ আছর সদরপুর উপজেলা প্রশাসনের বালুর মাঠে জানাজা শেষে তাকে সদরপুর ইউনিয়নের দশহাজার কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সদরপুর সরকারি কলেজ মসজিদের ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী বলেন, “আজকের এই জানাজা আমাদের নিজেদের মৃত্যুর স্মরণ করিয়ে দেয়। ছোট-বড় যে কেউ যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। তাই নেক আমল সঞ্চয় করতে হবে।”

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি দুর্ঘটনা। তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, কবরকে প্রশস্ত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।