
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে জব্বার হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদারের বসতঘর থেকে নামী-দামী বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ভোজ্য তেল, নারিকেল তেল এবং নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল— পার্লামেন্ট, হলিউড, লাকি স্ট্রাইক, লাকি, মেসি, কারিকর বিড়ি, বিভিন্ন হেয়ার কালার, তিব্বত পমেট, গ্লিসারিন বড়, সাধারণ গ্লিসারিন ও জনসন বেবি ওয়েলসহ বেশ কিছু প্রসাধনী পণ্য।
তবে অভিযানের সময় এ ব্যবসার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মেসার্স রিয়াজ স্টোর’ নামের একটি দোকানের মাধ্যমে রিয়াজ দীর্ঘদিন ধরে নকল পণ্যের ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল আহমেদ বলেন,
“বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”