
মো. রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ‘ডেভিলহান্ট’ অভিযানের অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহবুব হাওলাদার মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের হামলায় এক পুলিশ সদস্য ও একটি সিএনজিচালক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে, বাউফলের ধুলিয়া ইউনিয়নের হাওলাদারবাড়ি এলাকায়। গ্রেফতারকৃত মান্না হাওলাদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ মাহবুব হাওলাদার মান্নাকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও ভাড়াকৃত সিএনজি চালক তামিম হোসেন দুলাল আহত হন।
আহত চালক তামিম জানান, “হামলাকারীরা আমার গায়ের কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধড়ক মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে মাহবুব হাওলাদার মান্নাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”