
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলায় কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি (৬৫) ও তার নাতি হোসাইন (১১)। আহত হয়েছেন মামুন (১০) মামুনের বাবা হুরমুজ আলী। তাকে গুরুতর অবস্থায় শেরপুর সদর হসপিটালে নেওয়া হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে কাঠবোঝাই ব্যাটারিচালিত ভ্যান নিয়ে হালগড়ার উদ্দেশে যাচ্ছিলেন মোফাজ্জল মিস্ত্রি ও তার নাতি হোসাইন। ভ্যানটি চালাচ্ছিলেন হোসাইন। পথে বেলতলী বাজার-সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হোসাইন। গুরুতর আহত অবস্থায় মোফাজ্জল মিস্ত্রিকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রৌহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল বলেন, মোফাজ্জল মিস্ত্রি তার ভ্যানগাড়িতে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে বেলতলী এলাকায় ভ্যান উল্টে গেলে ঘটনাস্থলেই নাতি হোসাইন এবং হাসপাতালে নেওয়ার পর দাদা মোফাজ্জল মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই প্রসঙ্গে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।