
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ঢাকা গামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে।
আহতদের মধ্যে একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলোতে একই চালককে দিনে-রাতে দুইবার ডিউটি করতে বাধ্য করা হয়, যা চালকদের পর্যাপ্ত বিশ্রামের অভাব সৃষ্টি করছে। এ কারণেই প্রায়শই এই রুটে দুর্ঘটনা ঘটছে বলেও তারা দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি এবং চালকদের বিশ্রামের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।