
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত মৎস্যচাষীরা হলেন—আদাবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদ মতিন মোল্লা (একক পাঙ্গাস চাষ), মো. জাকির হোসেন (মনোসেক্স তেলাপিয়া চাষ), এবং কালাইয়া ইউনিয়নের শাহবাজ হোসেন মিল্টন (কার্পজাতীয় মাছ চাষ)।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসাহাক, জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন এবং সফল মৎস্যচাষী জাকির হোসেন মৃধা। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান, কৃষি কর্মকর্তা মিলন মিয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মৎস্য দপ্তরের তালিকাভুক্ত মোট মৎস্যচাষীর সংখ্যা ৬,৫২১ জন। এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে অংশ নেন শতাধিক মৎস্যচাষী।