
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. নজরুল মাতব্বর (৫৪) নামের এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই আপন ভাইদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল মাতব্বরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, মৃত সিদ্দিক মাতব্বরের চার ছেলের মধ্যে নজরুল মাতব্বর বড়। পৈতৃক জমি সমানভাবে ভাগ করে চার ভাই চাষাবাদ করলেও জমি নিয়ে পারিবারিক বিরোধ থাকায় বিষয়টি আদালতে বিচারাধীন।
এদিন সকালে নজরুল মাতব্বর নিজ অংশের জমিতে চাষ করতে গেলে তার মা জয়নব বিবি তাকে বাধা দেন। তিনি অভিযোগ করেন, নজরুল মায়ের নিষেধ উপেক্ষা করে তাকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে নজরুলের ছোট ভাই আবু তাহের, মাইনুল ইসলাম ও মোজ্জাম্মেল তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে নজরুলকে উদ্ধার করে।
মা জয়নব বিবি বলেন, “নজরুল জোর করে অন্য ছেলেদের জমি চাষ করছিল। আমি বাধা দিলে সে আমাকে মারধর করে।”
অন্যদিকে ছোট ভাই আবু তাহের দাবি করেন, “আমরা নজরুলকে গাছে বেঁধে নির্যাতন করিনি। সে নিজেই কৌশলে গাছে নিজেকে বেঁধে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। এ ঘটনার বড় সাক্ষী আমাদের মা।”
তারা আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত চলমান মামলার কোনো খরচ নজরুল বহন করেন না।
তবে নজরুল মাতব্বর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার ভাগের জমিতে কাজ করতে গেলে ভাইয়েরা আমাকে গাছে বেঁধে মারধর করে।”
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “কৃষক নজরুলকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার ভাই ও মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”