
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া এলাকায় সমাজসেবক মোঃ মাছুম বিল্লাহর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ১০ হাজার তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় এই ব্যতিক্রমী পরিবেশ সচেতন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ সোহেল মোল্লা, মোঃ মিজান মাস্টার ও মোঃ নীরব। পূর্ব কালাইয়ার ৭ নম্বর ওয়ার্ডের বেইলি ব্রিজ এলাকা থেকে তেতুলিয়া নদীর ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই বীজ রোপণ করা হয়।
অনুষ্ঠানটি দোয়া ও মিলাদের মাধ্যমে শুরু হয়। দোয়ায় অংশগ্রহণকারী সবাই সমাজসেবক মাসুম বিল্লাহ এবং এ আয়োজনের সাথে সংশ্লিষ্টদের মঙ্গল কামনা করেন।
সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ বলেন, “বজ্রপাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। দুই বছর আগে আমরা ১২ হাজার তাল গাছের বীজ রোপণ করেছি। এবার ১০ হাজার বীজ রোপণ করা হলো। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে এবং বাউফলের প্রত্যন্ত অঞ্চলে তাল গাছের বীজ রোপণ করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মোঃ আবুল কালাম মাওলানা, বিএনপি নেতা গাজী গিয়াস উদ্দিন, সাজাহান মাতুব্বর, ইউপি সদস্য মোঃ জালাল মোল্লা, মোঃ মাহাবুব স্যার, মোঃ মুসা, মোঃ মহিবুল্লাহ প্রমুখ।