
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুলকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বাউফল পৌর কৃষক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৪টা ১৫ মিনিটে বাউফল উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন, “শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তা না হলে এ আন্দোলন চলমান থাকবে।”
পৌর কৃষক দলের সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বলেন, “আমরা দাবি করছি, আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বাউফলসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি চলবে।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মজিদ। তিনি বলেন, “বর্তমান স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি করি।”
পৌর কৃষক দলের আহ্বায়ক জনাব খলিলুর রহমান বলেন, “আওয়ামী স্বৈরাচার সরকারের দেওয়া প্রহসনমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। মুক্তি না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে।”