
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ধাউরাভাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের আওতায় ২০০১ সালের একটি অস্ত্র মামলায় ২০২০ সালে এ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম ওই বছর বগা ইউনিয়নের ধাউরাভাঙ্গা গ্রাম থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে আসামিদের বিরুদ্ধে ১৯ এর (ক) ধারায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ধাউরাভাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন ফরাজি ওরফে গেদু ফরাজির ছেলে হানিফ ফরাজি (৫৫), দেলোয়ার হোসেন ফরাজি (৫৩), সুলতান ফরাজি (৫১), নজরুল ইসলাম ফরাজি (৪৯) এবং একই গ্রামের মন্নান ফরাজির ছেলে আমির হোসেন ফরাজি (৫৫)। এর মধ্যে চারজনকে ১৪ বছর করে এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, “আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জুমার নামাজ শেষে তাদের আদালতে পাঠানো হবে।”