
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে নিখোঁজ হওয়ার দুই দিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উর্মী আক্তার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের কৃষক নজরুল ইসলাম বয়াতীর মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় উর্মী। এরপর সে আর ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার ভোরে উর্মীর মামা সবুজ মিয়া নারায়নপাশা নদীর স্লুইসগেট এলাকায় মাছ ধরার সময় জালের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা সেটি উর্মীর মরদেহ হিসেবে শনাক্ত করেন।
নিহতের মা আমেনা বেগম বলেন, “আমার তিনটা মেয়ে, দুইজনের বিয়ে হয়ে গেছে। উর্মী ছিল ছোট। সেই রাতে সে আমার সাথেই ঘুমাচ্ছিল। রাত ১টার দিকে ঘুম ভাঙলে দেখি সে আর পাশে নেই।”
বাবা নজরুল ইসলাম বলেন, “দুই দিন ধরে গ্রামে গ্রামে খুঁজেছি, কোনো খোঁজ মেলেনি। আজ মেয়ের নিথর দেহ দেখতে হলো”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “মেয়েটি নিখোঁজ হলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়রি (জিডি) করা হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।