
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাসের হাওলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ দুইজন আহত হয়েছেন। গত ২০ জুলাই (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী জানা যায়, দাসের হাওলা গ্রামের মৃত পঞ্চম আলী সরদারের ছেলে সুলতান সরদারের সঙ্গে একই এলাকার ফিরোজ, লিমা বেগমসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন সুলতান সরদারের ছেলে ফিরোজকে কৌশলে ডেকে নিয়ে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা ফিরোজের কাছ থেকে জোরপূর্বক ১ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করে।
চিৎকার শুনে ফিরোজের বাবা সুলতান সরদার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সুলতান সরদার বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।