
ক্রাইম রিপোর্টার: মো: রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নের বেলগাছী গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মুখলেসুর রহমানের বসতবাড়ি ঘন বর্ষণে ভেঙে পড়েছে। চার শতক জায়গাজুড়ে থাকা তার একমাত্র বসতভিটাটি বৃষ্টির তোড়ে ধসে পড়লে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের সময়। বাড়ির কাঁচা মেঝে ও দেওয়াল ভেঙে পড়ে, ফলে বাড়ির সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
মুখলেসুর রহমান জানান, “আমি একজন দিনমজুর। সামান্য আয়ে কোনও রকমে সংসার চালাই। এই চার শতক জায়গাই আমার একমাত্র ঠাঁই ছিল। এখন সেটা নেই। সন্তানদের নিয়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।
তিনি আরও বলেন, “আমি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েছি। যেন ঘর তুলতে কিছু সাহায্য পাই।
স্থানীয় এলাকাবাসী জানান, মুখলেসুর একজন সৎ ও নিরীহ মানুষ। তার পরিবার বর্তমানে আশ্রয় সংকটে আছে। তারা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
এদিকে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে চলমান অতিবৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও ভূমি ধসের ঘটনা ঘটছে, যার প্রভাবে,নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।